গাজায় দুর্ভিক্ষ লেগে গেছে: জাতিসংঘ
গাজায় পুরোদস্তুর দুর্ভিক্ষ লেগে গেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের খাদ্য সংস্থা ডব্লিউএফপির প্রধান। এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন তিনি।
আলজাজিরা জানিয়েছে, জাতিসংঘের বিশ্ব খাদ্য প্রোগ্রামের প্রধান সিন্ডি ম্যাককেইন এনবিসি কে এক সাক্ষাৎকার দিয়েছেন। ডব্লিউএফপি সদস্যরা গাজায় অবস্থানকালে যা দেখেছে সে বিষয়ে এই সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। রবিবার ওই সাক্ষাৎকারটি টিভিতে প্রচার হবে। সিন্ডি বলেন, গাজায় যা চলছে তা ভীতিকর। এতটাই ভয়াবহ যে এসব দেখতেও কষ্ট হয়, শুনতেও কষ্ট হয়। উত্তর গাজায় এখন পেুরোদস্তুর দুর্ভিক্ষ চলছে। দ্রুতই তা দক্ষিণের দিকে অগ্রসর হচ্ছে। তিনি আরো বলেন, আমরা এখন শুধুমাত্র যুদ্ধবিরতি ও ত্রাণ সহায়তা দেয়ার পথ চাইছি।
এদিকে শনিবার মিশরে হামাসের প্রতিনিধি দল যুদ্ধবিরতির আলোচনায় বসেছে। বিভিন্ন আন্তর্জাতিক চাপের কারণে প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতির আলোচনায় বসছে দুই পক্ষ। তবে এর ভিতরেও থেমে নেই ইসরাইলি আগ্রাসন ও হামলার হুমকি। অবরুদ্ধ গাজার রাফা শহরে প্রায়শই বোমা ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী।
