বাংলাদেশের জন্য নতুন মার্কিন রাষ্ট্রদূত মনোনীত
ছবি : সংগৃহীত
বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রাইস্টেনসেনকে মনোনয়ন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ মনোনয়ন শুনানির জন্য পাঠানো হয়েছে মার্কিন সিনেটে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র বিভাগ।
বর্তমানে ব্রেন্ট ক্রাইস্টেনসেন ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আন্ডার সেক্রেটারি পদে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৯ সাল থেকে প্রায় তিন বছর ঢাকাস্থ মার্কিন দূতাবাসে রাজনৈতিক কাউন্সিলর হিসেবে কাজ করেছেন। ফলে বাংলাদেশ প্রসঙ্গে তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে।
সিনেটের অনুমোদন পেলে তিনি বিদায়ী রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন। পিটার হাস গত বছর বাংলাদেশে দায়িত্ব পালন শেষে অবসরে যান। পরে, ট্রেসি অ্যান জ্যাকবসনকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দিয়ে পাঠায় যুক্তরাষ্ট্র।
এমন এক সময় এই মনোনয়ন এল, যখন বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন এবং ভূরাজনৈতিক পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিকভাবে নজর রয়েছে।
মার্কিন কূটনৈতিক বিশ্লেষক জন ডানিলোভিচ এক ফেসবুক পোস্টে লিখেছেন, “বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের জন্য ব্রেন্ট ক্রাইস্টেনসেন সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।” তিনি আশা প্রকাশ করেন, মার্কিন সিনেট দ্রুত এ মনোনয়ন অনুমোদন করবে।
