যুদ্ধের ৭ মাস পর ইসরাইলের সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করলো তুরস্ক
গাজায় ইসরাইলি আগ্রাসনের সাত মাস পাড় হওয়ার পর অবশেষে ইসরাইলের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করলো তুরস্ক। দেশটি জানিয়েছে, গাজায় মানবিক সংকট ঘনীভূত হওয়ায় এই পদক্ষেপ নেয়া হয়েছে। এক বিবৃতিতে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইল যতদিন গাজায় ত্রাণ কার্যক্রমে বাধা দেবে, ততদিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
বিবিসি জানিয়েছে, এই দুই দেশের মধ্যে গত বছর প্রায় সাত বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে। গাজায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর তুরস্ক উভয় সংকটে পড়ে। দেশটি এই আগ্রাসনের নিন্দা জানালেও, ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ধরে রাখে। অবশেষে সাত মাস পর এসে তেল-আবিবের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করলো আঙ্কারা।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন যে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান একজন স্বৈরশাসকের মত আচরণ করছেন। এরইমধ্যে তুরস্কের বিকল্প উৎস খুঁজে বের করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি।
