মধ্য ভূমধ্যসাগরে ২৬ অভিবাসনপ্রত্যাশী নিহত, নিখোঁজ ১০
ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের কাছে বুধবার দুটি নৌকাডুবে কমপক্ষে ২৬ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন, এছাড়া আরও প্রায় ১০ জন এখনও নিখোঁজ রয়েছেন। খবরটি জানিয়েছে এএফপি।
মধ্য ভূমধ্যসাগরে ঘটে যাওয়া এই নৌকাডুবির পর প্রায় ৬০ জনকে উদ্ধার করা হয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা এবং উপকূলরক্ষী বাহিনী এই অঞ্চলটিকে অভিবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সমুদ্র পারাপার হিসেবে বর্ণনা করেছেন। ইতালীয় উপকূলরক্ষীরা জানিয়েছেন, দুটি নৌকা আগের দিন লিবিয়ার ত্রিপোলি থেকে যাত্রা করেছিল।
এক বিবৃতিতে বলা হয়েছে, প্রথম নৌকা পানিতে ডুবে যেতে শুরু করলে যাত্রীরা অন্য নৌকায় উঠে পড়ে। পরে দ্বিতীয় নৌকাটিও ডুবে যায়। কোস্টগার্ড জানিয়েছে, ল্যাম্পেদুসায় বর্তমানে ৬০ জনকে উদ্ধার করা হয়েছে এবং কমপক্ষে ২৬ জনের মৃত্যু নিশ্চিত। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ইতালির রেড ক্রস জানিয়েছে, জীবিত উদ্ধার হওয়া লোকদের মধ্যে ৫৬ জন পুরুষ এবং চারজন নারী রয়েছেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)-এর মুখপাত্র ফ্ল্যাভিও ডি গিয়াকোমো জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত দুটি নৌকায় প্রায় ৯৫ জন ছিলেন। তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, এ পর্যন্ত ৩৫ জন নিহত বা নিখোঁজ।
এএনএসএ সংবাদ সংস্থা জানিয়েছে, ল্যাম্পেদুসার মর্গে প্রথমে যেসব মরদেহ পাঠানো হয়েছে, তাতে একটি নবজাতক, তিন শিশু, দুই পুরুষ ও দুই নারীর মরদেহ অন্তর্ভুক্ত।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে অভিবাসী পাচারকারীদের মোকাবিলায় উদ্যোগ আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।
জাতিসংঘের শরণার্থী বিষয় সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত মধ্য ভূমধ্যসাগরে ৬৭৫ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন।
