ইউরোপ যাত্রাকালে ৮ বাংলাদেশি নিহত
সমুদ্রপথে ইউরোপ যাত্রাকালে আট বাংলাদেশিসহ নয় জন মারা মারা গেছেন। লিবিয়া থেকে তিউনিসীয়া উপকূলে পৌঁছার পর অগ্নিকাণ্ডের শিকার হয় নৌযানটি। এতে দগ্ধ হয়ে নয় জনের মৃত্যু ঘটে। নিহতদের একজন পাকিস্তানী নাগরিক।
এ ঘটনায় ২৭ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই নৌকায় মোট ৫৩ জন যাত্রী ছিলেন। ত্রিপলীর বাংলাদেশ দূতাবাস এসব তথ্য নিশ্চিত করেছে। দূতাবাসের তরফে জানানো হয়েছে, খবর পেয়ে সোমবার দূতাবাসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।
উদ্ধার হওয়া বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা ও সহযোগিতা করছে দূতাবাস। এ বিষয়ে কাজ করছে তিউনিসিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রেড ক্রিসেন্ট সোসাইটি।
জানা গেছে, স্থানীয় সময় গত ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে অভিবাসী একটি দল লিবিয়ার জুয়ারা থেকে ইউরোাপের উদ্দেশ্যে নৌকায় করে যাত্রা করে। নৌকাটি তিউনিসীয়া উপকূলে পৌঁছালে রাতে সাড়ে ৪টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে নৌকাডুবির ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ৫৩ জনের মধ্যে ৪৪ জনকে জীবিত উদ্ধার করেছে। তাদের মধ্যে ২৭ জন বাংলাদেশী। আট জন পাকিস্তানী। সিরিয়ার নাগরিক পাঁচ জন ও মিশরীয় তিন জন।
