এবার ইউক্রেনে উত্তর কোরিয়ার মিসাইল
গত ২ জানুয়ারি ইউক্রেনের খারকভে আঘাত হানে একটি মিসাইল। তবে সম্প্রতি জাতিসংঘের স্যাংশন মনিটর জানিয়েছে ওই মিসাইলটি উত্তর কোরিয়ার ছিল। এই খবর জানিয়েছে আল জাজিরা।
সোমবার জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল কমিটিকে একটি রিপোর্ট দেয় জাতিসংঘের স্যাংশন মনিটর। ৩২ পাতার ওই রিপোর্টটি হাতে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের। রিপোর্টে বলা হয়েছে, খারকভে ২ জানুয়ারি ২০২৪ এ একটি মিসাইল আঘাত হানে। তবে মিসাইলটির ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখা গিয়েছে এটি উত্তর কোরিয়ার ডিপিআরকে হোয়াসোং-১১ ক্যাটাগরির মিসাইল।
২০০৬ থেকে উত্তর কোরিয়ার মিসাইল ও নিউক্লিয়ার প্রোগামের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে জাতিসংঘ। জাতিসংঘের তিনজন স্যাংশন মনিটর এই মাসের শুরুতে এ বিষয়ে তদন্ত করতে ইউক্রেনে পৌঁছান। পরীক্ষা নিরীক্ষার পর তারা বুঝতে পারেন মিসাইলটি রাশিয়ার নয়। তবে ঠিক কোথা থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা হয়েছিল তার সঠিক কোন ধারণা পাওয়া যায়নি।
এর আগেও ইউক্রেনে উত্তর কোরিয়ার মিসাইল ব্যবহারের প্রসঙ্গ উঠেছিলো। তবে সেসময় সঠিক কোনো প্রমাণ পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০১৯ প্রথমবারের মতো হোয়াসোং-১১ ক্যাটাগরির মিসাইলের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।
