ইউরোপে বাড়ছে চীনের গুপ্তচরবৃত্তি
চীনা গোয়েন্দাদের এক ইনফর্মারকে গ্রেপ্তার করেছে জার্মানি। আসন্ন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন নিয়ে তথ্য দেওয়ার সন্দেহে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার জার্মানির কৌঁসুলিদের হাতে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম জিয়ান জি। তিনি ইইউ নির্বাচনে জার্মানির উগ্র ডানপন্থি দল এএফডির শীর্ষ প্রার্থী মাক্সিমিলিয়ান ক্রাহর একজন সহকারী৷ ক্রাহ বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে তিনি জিয়ান জি-র সঙ্গে কাজ করা বন্ধ করে দিবেন৷
ডয়চে ভেলে জানিয়েছে, জিয়ান জি ব্রাসেলস ও জার্মানির ড্রেসডেনে কাজ করেন৷ তিনি জার্মানিতে থাকা চীনবিরোধী কর্মীদের উপরও নজর রাখতেন বলে কৌঁসুলিরা জানিয়েছেন৷ জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজা বলেছেন, জিয়ানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সেটি হবে ‘ভেতর থেকে ইউরোপের গণতন্ত্রের উপর হামলা'৷
রাশিয়া ও চীনের গুপ্তচরবৃত্তি বাড়ায় জার্মানিও কাউন্টার গুপ্তচরবৃত্তি বাড়িয়েছে বলে জানান তিনি৷ বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন ইউরোপে চীনের গুপ্তচরবৃত্তির অভিযোগকে ‘হাইপ’ বলে উল্লেখ করেছেন৷ এছাড়া এটি ‘চীনকে অসম্মান ও দমন করার উদ্দেশ্যে' করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি৷
