শীঘ্রই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে ইরান: আব্বাস আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে হলে আরও সময় ও নির্ভরযোগ্য আশ্বাস দরকার—এ কথা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, শিগগিরই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করতে যাচ্ছে তেহরান।
সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মনে হয় না আলোচনা এত দ্রুত শুরু হবে। আমাদের প্রথমে নিশ্চিত হতে হবে, যুক্তরাষ্ট্র আলোচনার সময় আমাদের ওপর আবার কোনো সামরিক আঘাত হানবে না।” তবে তিনি কূটনৈতিক পথকে এখনও উন্মুক্ত রেখেছেন বলে জানান।
সম্প্রতি ইসরাইলের ১২ দিনের বোমা হামলার পর প্রথমবার কোনো পশ্চিমা সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে আরাঘচি বলেন, ইসরাইল পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা ও সেন্ট্রিফিউজ স্থাপনায় হামলা চালিয়ে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, “বোমা দিয়ে পরমাণু প্রযুক্তি ধ্বংস করা যায় না। ইচ্ছাশক্তি থাকলে ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব। বরং ইসরাইল-যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ আমাদের আরও দৃঢ় করেছে।”
আরাঘচির মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি এখন জাতীয় গর্বের অংশ। “১২ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধেও আমাদের মনোবল ভাঙেনি,” বলেন তিনি। “এই জাতি সমৃদ্ধকরণ থেকে সহজে সরে আসবে না।”
