নারীর পোশাক পরায় সৌদিতে যুবক গ্রেপ্তার
নারীর পোশাক পরে ট্রেন ভ্রমণ করছিলেন এক সৌদি যুবক। তবে প্রচলিত আইনের পরিপন্থি হওয়ায় তাকে গ্রেপ্তার করে সৌদির পুলিশ। খবর জানিয়েছে গালফ নিউজ।
সৌদির গণ নিরাপত্তা বিভাগ জানিয়েছে, এক যুবক নারীদের পোষাক পরে ট্রেনে ভ্রমণ করছিলেন। পরে রিয়াদ পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। সোশাল মিডিয়াতে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, ওই ব্যক্তি সাদা রঙের একটি জামা ও রোদচশমা পরে ট্রেনের সিটে বসে আছেন।
জনসম্মুখে অন্য লিঙ্গের পোশাক পরা সৌদিতে একটি দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে তিন বছর কারাদণ্ডের বিধানও রয়েছে। ২০১৯ সালে বাস্তবায়িত হওয়া এই আইন অনুযায়ী জনসম্মুখে অনুপযুক্ত পোশাক পরিধান, নৈতিকতা বিরোধী কাজ করা এবং জোরে গান বাজালে তিন বছরের কারাদণ্ড ও ৫০ থেকে ৩ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
