রিল বানাতে মাঝ রাস্তায় যুবকের আজব কাণ্ড, অতঃপর…
ভারতের ব্যস্ত সড়কে বসে সোশ্যাল মিডিয়া রিল বানাচ্ছিলেন এক যুবক। রাস্তায় চেয়ার পেতে বসেন তিনি। এসময় নিজের মোটরবাইকটিও ঝুঁকিপূর্ণভাবে রাস্তার মধ্যেই পার্ক করেন। পরে অবশ্য দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।
এই খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়াতে। সেখানে দেখা যায় ব্যস্ত জিটি কার্নাল রোডের মাঝখানে হাফপ্যান্ট ও শার্ট পরে একটি চেয়ারে ফিল্মি স্টাইলে বসে আছেন এক যুবক। তার বাইকটিকেও পাশে পার্ক করা অবস্থায় দেখা যায়। এসময় তার গা ঘেঁষে বাস ও বিভিন্ন যানবাহন চলতেও দেখা যায়।
ভিডিওটি দেখার পর ওই ব্যক্তিকে আটক করে দিল্লি পুলিশ। আটকের পরে ওই ভিডিও, এবং পুলিশের হাতে তার আটকের ভিডিও দিয়ে ভেরিফাইড এক্স হ্যান্ডেলে একটি মিম পোস্ট করেন তারা। সেখানে দিল্লী পুলিশ জানিয়েছে, সড়কের মধ্যে রিল বানানো ও বাইক পার্ক করার অপরাধে ওই যুবকের নামে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার সূত্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
