ইসরাইলের যুদ্ধবিরতি প্রস্তাব, পর্যালোচনা করছে হামাস
ইসরাইলের দেয়া সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করে দেখছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। শনিবার এক বিবৃতিতে সংস্থাটি এ কথা জানিয়েছে। এপ্রিলে মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছে একটি প্রস্তাব পেশ করে ইসরাইল। এ নিয়ে কাতারে অবস্থিত হামাসের ডেপুটি প্রধান খলিল আল-হাইয়া বলেন, এই প্রস্তাব পর্যালোচনা করা হবে৷ সবকিছু খতিয়ে দেখে তারপর প্রতিক্রিয়া জমা দেয়া হবে৷
ডয়চে ভেলে জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরাইল হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছে। ইসরাইলের আগেই হামাস স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করেছিল৷ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ইসরাইল৷ গাজায় ইসরাইল-হামাস যুদ্ধের ছয় মাসের বেশি সময় পরেও অচলাবস্থা কাটেনি৷ অস্থায়ী যুদ্ধবিরতির নয়, চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে হবে, এই দাবিতে অনড় হামাস৷
স্থগিত হয়ে যাওয়া শান্তি প্রক্রিয়া নতুন করে শুরুর চেষ্টা করছে মিশর৷ মিশরীয় প্রতিনিধি দল আলোচনা ফের শুরু করতে এবং অবশিষ্ট জিম্মিদের উদ্ধারের চেষ্টার অংশ হিসেবে ইসরাইলে পৌঁছেছেন৷ ইসরাইলের অনুমান, গাজায় হামাস ১৩০ জনকে জিম্মি করে রেখেছে৷ এদের মধ্যে ৩৪ জন নিহত হয়েছেন বলে জানায় দেশটির সামরিক বাহিনী৷
শুক্রবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানান, এ যুদ্ধ শেষ করতে এবং বাকি জিম্মিদের ফিরিয়ে নেওয়ার আলোচনায় নতুন মাত্রা দেখেছেন তিনি৷ জার্মানি এবং যু্ক্তরাষ্ট্রসহ অন্তত ১৫টি দেশ চলমান সংঘাত অবসানের পথ হিসেবে বাকি জিম্মিদের মুক্তি দিতে হামাসেরে প্রতি আহ্বান জানিয়েছে৷
