‘যুদ্ধের সূচনা’ হয়েছে, ইরানে মার্কিন হামলার পর জানালো হুতি
হুতি সেনা
যুক্তরাষ্ট্র ইরানের তিনটি প্রধান পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর পর ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু করেছে। খবর আল জাজিরা।
হুতির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ এক বিবৃতিতে বলেন, “এটা পরিষ্কার যে ট্রাম্প দ্রুত যুদ্ধ চায় এবং সেটিকে নিজের মতো করে শেষ করতে চায়। কিন্তু কয়েকটি পারমাণবিক স্থাপনায় আঘাত হানাই যুদ্ধের সমাপ্তি নয়—এটা বরং শুরু।”
এর আগে, হুতির পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল, যদি ট্রাম্প ইরানে হামলার জন্য ইসরায়েলের পাশে দাঁড়ান, তবে লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর ওপর তারা হামলা চালাবে।
এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও এই হামলা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য সারা জ্যাকবস বলেন, “এই হামলা শুধু অসাংবিধানিকই নয়, বরং এটি যুক্তরাষ্ট্রকে আরেকটি দীর্ঘমেয়াদি ও বিপজ্জনক যুদ্ধের মুখে ফেলতে পারে।”
