আইআরজিসির কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন গ্রান্ড আয়াতুল্লাহ
ইরানের সর্বোচ্চ নেতা গ্রান্ড আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) সর্বোচ্চ পরিষদের কাছে যুদ্ধকালীন সম্পূর্ণ ক্ষমতা হস্তান্তর করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে একাধিক নির্ভরযোগ্য সূত্র, যার তথ্য প্রকাশ করেছে ইরান ইন্টারন্যাশনাল।
প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরাইল-ইরান চলমান সংঘাতের পটভূমিতে খামেনিকে তার পরিবারের সদস্যদের সঙ্গে তেহরানের লাভিজান এলাকার একটি গোপন বাঙ্কারে সরিয়ে নেওয়া হয়েছে। তার সঙ্গে রয়েছেন প্রভাবশালী ছেলে মোজতবা খামেনিও।
বিশ্লেষকরা মনে করছেন, এই ক্ষমতা হস্তান্তর কোনো আকস্মিক ঘটনা নয় বরং একটি পূর্বপরিকল্পিত কৌশল—যেটিকে বলা হচ্ছে 'প্রি-এম্পটিভ ট্রান্সফার অব অথরিটি'। এর লক্ষ্য, যদি খামেনি নিহত হন বা কার্যত অক্ষম হয়ে পড়েন, তাহলেও সেনা কাঠামো যেন কার্যকর থাকে।
এদিকে সংঘাতের অষ্টম দিনে ইসরাইল ও ইরান একাধিক হামলা-পাল্টা হামলায় জড়িয়েছে। ইসরাইলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয়েছে। জবাবে ইরানও ইসরাইলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।
এই পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ইসরাইল যদি আগ্রাসন চালিয়ে যায়, তাহলে আমাদের প্রতিক্রিয়া আগের চেয়ে আরও কঠোর হবে।”
অন্যদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে লেখেন, “আমরা জানি তথাকথিত ‘সুপ্রিম লিডার’ কোথায় লুকিয়ে আছেন। এখনই তাকে হত্যা করব না, তবে সময় ফুরিয়ে আসছে।”
উল্লেখযোগ্যভাবে, তিনি সতর্ক করেন, আমেরিকান নাগরিক বা সৈন্যদের ওপর আর কোনও হামলা মেনে নেওয়া হবে না।
