‘মমতা রোহিঙ্গা নন তো?’
মমতা ব্যানার্জীর জাতিগত পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। গত বুধবার এক নির্বাচনী সভায় এই মন্তব্য করেন তিনি।
ভারতীয় গণমাধ্যম জি-২৪ঘন্টা জানিয়েছে, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর সমর্থনে নির্বাচনী প্রচারণা সভার আয়োজন করে বিজেপি। বুধবার মেদিনীপুরের তমলুকে এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সাবেক তৃণমূল নেতা ও বর্তমান বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী। সভায় ভারতের বিচার ব্যবস্থার ত্রুটি নিয়ে মমতার করা মন্তব্যে টেনে অভিজিৎ বলেন, একজন মুখ্যমন্ত্রী কীভাবে বলতে পারেন ভারতের বিচার ব্যবস্থা মানে বিজেপির বিচার ব্যবস্থা। এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসেছেন? তিনি রোহিঙ্গা নন তো? এমনকি এই মন্তব্যের জন্য মমতাকে নাকে খত দিতেও বলেন তিনি।
অভিজিৎ গাঙ্গুলি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে বিচারপতির পদ ছেড়ে বিজেপির রাজনীতিতে যোগ দেন তিনি। চলমান অষ্টাদশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের তমালুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে নির্বাচন করছেন তিনি।
