ইসরায়েলে ইরানের ভয়াবহ হামলায় নিহত ৭
মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্ত সীমায় পৌঁছেছে। ইরান ও ইসরাইলের মধ্যে সরাসরি যুদ্ধ চলছে—আর এর ভয়াবহতা এখন শুধু রাজনৈতিক সীমার মধ্যেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে শহর থেকে শহরে, মানুষের রক্তে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ভবিষ্যতের ভিতরে।
গত রাতেই ইরান ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইলের কেন্দ্রীয় অঞ্চলে। রাজধানী তেল আবিব এবং গুরুত্বপূর্ণ বন্দরনগরী হাইফা ছিল সরাসরি লক্ষ্যবস্তু। একাধিক ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো আছড়ে পড়ে শহরজুড়ে। ইসরাইলের জরুরি সেবা সংস্থা এমডিএ জানিয়েছে, শুধু বাট ইয়াম শহরে একটি ভবনে সরাসরি হামলায় তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন।
সামগ্রিকভাবে এই হামলায় ইসরাইলে অন্তত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিবিসি ও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে—ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলো একেবারে মাটির সঙ্গে মিশে গেছে, চিত্রগুলো থেকেই ভয়াবহতার মাত্রা অনুমান করা যাচ্ছে।
অন্যদিকে ইসরাইলও বসে নেই। তারা ইরানের তেলক্ষেত্র, পারমাণবিক স্থাপনা ও সামরিক ইনফ্রাস্ট্রাকচারে পাল্টা হামলা চালিয়েছে। রাজধানী তেহরানে অবস্থিত শাহরান তেলের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ডস কোর (আইআরজিসি)-এর শীর্ষ কর্মকর্তারা এই হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। নিহতদের মধ্যে রয়েছেন আইআরজিসি প্রধান হোসেইন সালামি, সেনাপ্রধান ও একাধিক শীর্ষ কমান্ডার।
গত দু’দিনে এই সংঘাতে নিহত হয়েছেন অন্তত ৮০ জন, আহত হয়েছেন প্রায় ৮০০। হতাহতদের মধ্যে ২০টি শিশুও রয়েছে, যা যুদ্ধের নৃশংস বাস্তবতাকে আরও বেদনাদায়ক করে তুলেছে।
এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গেও তার এই বিষয়ে আলোচনা হয়েছে এবং উভয়ে একমত হয়েছেন—এই যুদ্ধ বন্ধ হতেই হবে।
তবে এমন কূটনৈতিক প্রয়াসের মধ্যেই আজ রোববার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নির্ধারিত পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত ষষ্ঠ দফা আলোচনা বাতিল করে দিয়েছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্টভাবে জানিয়েছেন, “ইসরাইলের অব্যাহত হামলার মধ্যে কোনো সমঝোতার যৌক্তিকতা নেই।”
