রুশ কর্তৃপক্ষ নাভালনির মরদেহ লুকিয়েছে
অভিযোগের তীর ভ্লাদিমির পুতিনের দিকে
কারাগারে মারা যাওয়া রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির দেহ এখনো পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। এমন অভিযোগ তুলে নাভালনির সহযোগীরা বলছেন, আলামত নষ্ট করতে রুশ কর্তৃপক্ষ তাঁর মরদেহ লুকিয়ে রেখেছে।
নাভালনির ঘনিষ্ঠ সহযোগী কিরা ইয়ারমিশ বলেন, নাভালনির মা লুডমিলা নাভালনায়াকে বলা হয়েছে, ময়নাতদন্ত শেষে মৃতদেহ হস্তান্তর করা হবে।
বিশ্বের সবচেয়ে কঠোর কারাগার হিসেবে পরিচিত আর্কটিক পেনাল কলোনিগুলোর একটিতে বন্দী থাকা অবস্থায় গত শুক্রবার তার মৃত্যুর খবর প্রকাশ করা হয়। সেদিন হঠাৎ করেই অসুস্থ হয়ে নাভালনি মারা যান বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
নাভালনির সহযোগীদের দাবি, সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকা নাভালনিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে হত্যা করা হয়েছে। অ্যালেক্সেই নাভালনিকে রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর সমালোচক হিসেবে দেখা হতো। রাশিয়ার আদালত তাকে ত্রিশ বছরের কারাদণ্ড দিয়েছিল।
এদিকে, পশ্চিমা দেশগুলোর সরকারও ৪৭ বছর বয়সী নাভালনির আকস্মিক মৃত্যুর জন্য রুশ কর্তৃপক্ষকে দায়ী করেছে। শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭–এর পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি ভিত্তিতে ওই ঘটনার স্পষ্ট ব্যাখ্যা দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।
