ত্রাণ কেন্দ্রে ইসরাইলি হামলা, রাফায় ৩০ ফিলিস্তিনি নিহত
গাজায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরাইলি বাহিনীর গুলিতে কমপক্ষে ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১৫ জন। রোববার এই হামলা চালানো হয় রাফায়, যেখানে মানবিক সহায়তা নিতে জড়ো হয়েছিলেন স্থানীয়রা।
সংবাদ সংস্থা ওয়াফা এবং হামাস-ঘনিষ্ঠ মিডিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের পাশে হামলা চালায় ইসরাইলি সেনারা। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তবে ইসরাইল এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়েছে। ত্রাণকেন্দ্রে হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।
এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, তারা কেবল একটি স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে। সংগঠনটি জানিয়েছে, যুদ্ধবিরতির জন্য গাজা উপত্যকা থেকে সব ইসরাইলি সেনা প্রত্যাহার করতে হবে এবং অবাধ মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করতে হবে।
এক বিবৃতিতে হামাস জানায়, নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে তারা ১০ জন জীবিত ইসরাইলি জিম্মি এবং ১৮ জন নিহত জিম্মির মরদেহ হস্তান্তর করতে রাজি।
গাজা সংকট দীর্ঘায়িত হওয়ায় হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক মহলের চাপ না থাকলে এই মানবিক বিপর্যয়ের শেষ নেই। এখনই জরুরি একটি স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি, যা সাধারণ মানুষের জীবন রক্ষা করবে।
