মহাকাশে বিশাল ‘স্পেস আর্মি’ তৈরি করছে চীন
মহাকাশে বিশাল স্পেস আর্মি তৈরি করছে বিশ্বের একমাত্র কমিউনিস্ট সুপারপাওয়ার চীন। এ লক্ষ্যে গত ছয় বছরে নিজের গোয়েন্দা স্যাটেলাইটের সংখ্যা তিনগুণ করেছে দেশটি। পশ্চিমা সমর বিশেষজ্ঞরা ভয় পাচ্ছেন, চীন খুব সম্ভবত ভবিষ্যতে তাইওয়ান আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পশ্চিমা সেনারা যাতে প্রবেশে ভয় পায়, সেটি নিশ্চিত করছে চীন।
দ্য সান জানিয়েছে, শুধুমাত্র ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্যই ৩৫০ টিরও বেশি গোয়েন্দা স্যাটেলাইট নিযুক্ত করেছে বেইজিং। ২০১৮ সাল থেকে এই সংখ্যা তিন গুণ বেড়েছে। এর মাধ্যমে হাজার হাজার কিলোমিটার দূরে বিস্ফোরণ ঘটাতে পারে বেইজিং। এমনকি পৃথিবীর অন্য পাশেও আক্রমণ চালানো সম্ভব এই স্যাটেলাইটের মাধ্যমে।
স্যাটেলাইট সংখ্যা বৃদ্ধির কারণে দেশটির ব্যালিস্টিক মিসাইলগুলোও আরও নিখুঁতভাবে দূরবর্তী টার্গেটগুলোতে আঘাত হানতে পারবে। যুক্তরাষ্ট্রের স্পেস ডেল্টা টু ফোর্সের কমান্ডার কর্নেল রাজ আগারওয়াল বলেন, চীন নতুন করে মহাকাশ প্রতিযোগিতা শুরু করতে চাইছে। আর এর আসল উদ্দেশ্য ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিজের ক্ষমতা প্রদর্শন।
তিনি আরও বলেন, চীন আস্তে আস্তে নিজের সক্ষমতাকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে, যার কারণে ভবিষ্যতে তাইওয়ান আক্রমণের সময় যুক্তরাষ্ট্র চাইলেও এ অঞ্চলে প্রবেশ করতে পারবে না।
