ইউক্রেনের সকল প্রেসিডেন্টই চোর: লুকাশেঙ্কো
ইউক্রেনের সকল প্রেসিডেন্টকে চোর বললেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। তিনি বলেন, ইউক্রেনে পশ্চিমা ধরনের অলিগার্কি শুরু হয়েছে। ইউক্রেনের নেতারা শুধু নিজে ধনী হওয়ার জন্য দেশটাকে লুটে খাচ্ছেন। বুধবার ‘অল বেলারুশিয়ান পিপলস অ্যাসেম্বলি’র সদস্যদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এসব কথা বলেন তিনি। ওই সমাবেশে যোগ দিয়েছিলেন বেলারুশের অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও নেতা। এসময় তিনি প্রতিবেশী ইউক্রেনের শাসকগোষ্ঠীর উদ্দেশ্যে নানা আক্রমণাত্মক দাবি তোলেন। তিনি বলেন, ইউক্রেনের নেতারা শুধু দেশটির সম্পদ লুটেই কাজ করে। সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেনের আলাদা হওয়ার সঙ্গে সঙ্গেই এই লুটপাট শুরু হয়। এরপর সময় যত গড়িয়েছে, লুটপাট আরও বেড়েছে।
লুকাশেঙ্কো বলেন, ইউক্রেন ছিল একটি উদীয়মান দেশ। তাদের ভূমি অনেক উর্বর। তাদের দুইটি সাগর ছিল, মাইন ছিল, শিল্প ছিল। তাদের নাগরিকরা অনেক সৃজনশীল এবং পরিশ্রমী। তারা চাইলেই শান্তি চাইতে পারতো, ধনী হতে পারতো। কিন্তু তারা তা না করে পশ্চিমা ধরনের সংস্কৃতি দেশে নিয়ে আসলো। ইউক্রেনের সকল প্রেসিডেন্টই লুটপাট ও চুরির সঙ্গে জড়িত। আর এরফলেই দেশটির আজ এ অবস্থা হয়েছে। লুকাশেঙ্কো আরও বলেন, এই অলিগার্ক ও নেতারা দেশের সকল সম্পদকে নিজেদের অধীনে নিয়ে এসেছে। তারাই ইউক্রেনে পশ্চিমা সমর্থিত ক্যু ডেকে এনেছে।
