টিকটক সিগারেটের মতোই ক্ষতিকর
টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিরুদ্ধে মামলা করেছে ইউরোপিয়ান কমিশন(ইসি)। টিকটক লাইটের বিষয়ে এই মামলা করা হয়েছে।
আরটি জানিয়েছে, ২০১৯ সালে এশিয়ান টেস্ট মার্কেটে টিকটক লাইট লঞ্চ করা হয়। গতমাসে ফ্রান্স ও স্পেনেও আত্মপ্রকাশ করে টিকটক লাইট। সোমবারে এক বিবৃতিতে ইউরোপীয়ান কমিশন জানিয়েছে, বাইটড্যান্স ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিস আইন (ডিএসএ) না মেনে টিকটক লাইট বাজারে এনেছে। এ বিষয়ে ডিএসএ প্রয়োগের দায়িত্বে থাকা অভ্যন্তরীণ মার্কেটের কমিশনার থিয়েরি ব্রেটন বলেছেন, টিকটক লাইট অনেকটা লাইট সিগারেটের মতোই ক্ষতিকর এবং আসক্তি সৃষ্টি করতে পারে।
ইসি আরো জানিয়েছে, টিকটকে ভিডিও দেখলে সেখান থেকে পুরস্কার পাওয়া যায়। এই বিষয়টি ইসিকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। যদিও টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, অপ্রাপ্তয়ষ্কদের জন্য এই পুরস্কার পাওয়ার বিষয়টি সরিয়ে রেখেছে তারা।
বাইটড্যান্সকে আগামী মঙ্গলবারের মধ্যে ঝুঁকির সম্ভাবনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং ৩ মে এর ভিতরে ইসির নির্দেশ করা সকল তথ্য দিতে বলা হয়েছে। অন্যথায় কোম্পানিটির বার্ষিক আয়ের অন্তত ১ শতাংশ জরিমানা গুণতে হবে বাইটড্যান্সকে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রও টিকটক নিষিদ্ধ করার বিল পাশ করেছে।
