লন্ডনের রাস্তায় ঘোড়ার তাণ্ডব
দলছুট হয়ে লন্ডনের রাস্তায় তাণ্ডব চালিয়েছে সামরিক বাহিনীর একদল ঘোড়া। বুধবার সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ।
টেলিগ্রাফ জানিয়েছে, সামরিক মহড়ার সময় ব্রিটিশ সামরিক বাহিনীর হাউসহোল্ড ক্যাভেলরির পাঁচটি ঘোড়া দলছুট হয়ে রাস্তায় বের হয়ে পড়ে। এসময় দিগ্বিদিক হয়ে ছুটতে শুরু করে ঘোড়াগুলো। ঘোড়াগুলো ছুটতে গিয়ে দোতলা বাসের সামনের কাচ ও গাড়িতে আঘাত করতে থাকে। তাছাড়া এই ঘটনায় বেশ কয়েকজন পথচারীও আহত হয়েছেন। আহত অন্তত ৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে টেলিগ্রাফ।
ঘোড়াগুলোকে ধরতে মাঠে নামে পুলিশ ও সেনাবাহিনী। দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর ঘোড়াগুলোকে বাগে আনতে সক্ষম হন তারা। এদিকে আহতদের উদ্ধার করতে মাঠে নামে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স। দুটি ঘোড়া সবচেয়ে বেশি তাণ্ডব চালায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোশাল মিডিয়াতে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় একটি কালো ও সাদা ঘোড়া লন্ডনের রাস্তায় ছুটছে। বিভিন্ন আঘাতের ফলে সাদা ঘোড়াটি রক্তে ভিজে গিয়েছিল। পরবর্তীতে লাইমহাউস এলাকায় ঘোড়াগুলিকে থামানো হয়।
ব্রিটিশ সামরিক বাহিনী হাউসহোল্ড ক্যাভেলরির কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্নেল ম্যাট উডওয়ার্ড বলেন, মহড়ার সময়ে পাশে থাকা একটি নির্মাণাধীন ভবন থেকে কয়েকটি ঘোড়ার পাশে কিছু জিনিসপত্র পড়ে। এই আকস্মিক ঘটনায় ভয় পেয়ে যায় ঘোড়াগুলো। এরপর ঘোড়াগুলো তাদের আরোহীদের ছুড়ে ফেলে ছুটতে শুরু করে।
