বিশ্বের ‘দরিদ্রতম প্রেসিডেন্ট’হোসে মুজিকা আর নেই
উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে ‘পেপে’মুজিকা আর নেই। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার (১৩ মে) ৮৯ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি নেতা। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে সিএনএন।
২০২৪ সালের মে মাসে মুজিকার খাদ্যনালির ক্যানসার ধরা পড়ে, যা পরে ছড়িয়ে পড়ে তার যকৃতেও।
গেরিলা যোদ্ধা থেকে জনপ্রিয় রাষ্ট্রনায়কে রূপ নেওয়া হোসে মুজিকা ২০০৯ সালে ৭৪ বছর বয়সে উরুগুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার মিতব্যয়ী জীবনধারা, মানুষের প্রতি ভালোবাসা এবং নীতিনিষ্ঠ রাজনীতির জন্য তিনি বিশ্বজুড়ে প্রশংসিত ছিলেন।
২০১০-১৫ সালের মেয়াদে মুজিকা তার বেতনের অধিকাংশ দাতব্য প্রতিষ্ঠানে দান করে ‘বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট’হিসেবে খ্যাতি পান। তিনি স্যান্ডেল পায়ে সরকারি অনুষ্ঠানে যোগ দিতেন এবং মন্টেভিডিওর উপকণ্ঠে তার ছোট্ট খামারে বসবাস করতেন। বাড়িতে সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল ১৯৮৭ সালের একটি ভক্সওয়াগন বিটল গাড়ি।
প্রেসিডেন্ট হিসেবে মুজিকা খুব সাধারণ জীবনযাপন করতেন, ভোগবাদের সমালোচনা করতেন এবং সামাজিক সংস্কার নিয়ে কাজ করতেন। এতে মুজিকা লাতিনা আমেরিকা ও এর বাইরেও সুপরিচিতি রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন।
উরুগুয়ের বর্তমান প্রেসিডেন্ট ইয়ামান্দু অর্সি এক শোকবার্তায় বলেন, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি আমাদের কমরেড পেপে মুজিকা আর নেই। তিনি ছিলেন প্রেসিডেন্ট, কর্মী, পথপ্রদর্শক—একজন অনন্য নেতা। প্রিয় বুড়ো মানুষ, তোমাকে আমরা গভীরভাবে মিস করব। তুমি আমাদের যা দিয়েছ, তোমার মানুষের প্রতি যে ভালবাসা ছিল, তার জন্য চিরঋণী আমরা।’
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম পার্দো এক্স-এ (সাবেক টুইটার) লেখেন, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় পেপে মুজিকার মৃত্যু হয়েছে। তিনি লাতিন আমেরিকা ও বিশ্বের কাছে ছিলেন প্রজ্ঞা, দূরদর্শিতা ও সরলতার প্রতীক। তার পরিবার, বন্ধু, ও উরুগুয়ের জনগণের প্রতি আমাদের সমবেদনা।’
বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট এভো মোরালেস লেখেন, ‘আমার ভাই পেপে মুজিকার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার অভিজ্ঞতা ও প্রজ্ঞায় ভরা উপদেশ আমি সবসময় মনে রাখব। তিনি ছিলেন লাতিন আমেরিকার ঐক্য ও বৃহত্তর স্বদেশ ভাবনার এক শক্তিশালী সমর্থক। তার শিক্ষা ও আদর্শ আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে।’
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক আবেগঘন বার্তায় লেখেন, ‘একটা ভালো পৃথিবী—এটাই ছিল পেপে মুজিকার স্বপ্ন, যেটার জন্য তিনি লড়েছেন এবং বেঁচে ছিলেন। রাজনীতির প্রকৃত মানে তখনই দাঁড়ায়, যখন তা হৃদয় থেকে চর্চা করা হয়। তার পরিবার এবং উরুগুয়ের প্রতি রইল আমার গভীর সহানুভূতি।’
