দুর্নীতির সন্দেহে রুশ প্রতিরক্ষা উপমন্ত্রী গ্রেপ্তার
রাশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রী তাইমুর ইভানভকে ঘুষ দুর্নীতির দায়ে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার এই সংবাদ জানিয়েছে রাশিয়ার তদন্ত কমিটি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের সূত্রে রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এই গ্রেপ্তারের বিষয়ে ব্রিফ করেছেন। এর আগে মঙ্গলবার ইভানভ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সাথে এক বৈঠকে বসেন। এই গ্রেফতার বা আটকের বিষয়ে তেমন কোন তথ্য দেয়নি রুশ তদন্ত কমিটি। তবে জানানো হয়েছে, বড়সড় অঙ্কের ঘুষ নেওয়ার সন্দেহে তাকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি অন্তত ১ মিলিয়ন রুবল বা প্রায় সাড়ে দশ হাজার মার্কিন ডলার সমপরিমাণ ঘুষ নিয়েছেন। অপরাধ প্রমাণিত হলে ইভানভের অন্তত ১৫ বছর জেল হতে পারে।
ইভানভ দীর্ঘদিন ধরে রাশিয়ার শক্তি ও নির্মাণ সেক্টরে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি সামরিক বিভিন্ন নির্মাণ প্রকল্পের ওপর নজরদারির কাজেও নিয়োজিত ছিলেন।
