পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে টিটিপির ১৬ সদস্য নিহত
পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ১৬ সদস্য নিহত হয়েছে। সোমবার চালানো এসব অভিযানে পুলিশ, সেনাবাহিনী ও সিটিডি (কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্ট) যৌথভাবে অংশ নেয়।
এক্সপ্রেস ট্রিবিউনের তথ্য অনুযায়ী, পাঞ্জাবের মিয়ানওয়ালির মাকারওয়াল এলাকায় দুই দিনব্যাপী অভিযানে নিহত হয় ১০ টিটিপি সদস্য। গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন ডিপিও আখতার ফারুক ও আরপিও শাহজাদ আসিফ খান। প্রায় ২০-৩০ জন জঙ্গি সেখানে আশ্রয় নিয়েছিল। অভিযানের সময় প্রচণ্ড গোলাগুলি হয়, তবে কোনো নিরাপত্তা বাহিনীর সদস্য হতাহত হননি।
অন্যদিকে, খাইবার-পাখতুনখাওয়ার উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে আলাদা অভিযানে নিহত হয় আরও ছয় জন। আইএসপিআর জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের রাজমাক এলাকায় পাঁচজন জঙ্গি এবং দক্ষিণে সন্ত্রাসী নেতা জাবি উল্লাহ ওরফে জাকরান নিহত হয়েছেন।
টিটিপি সরকারের বিরুদ্ধে লড়াই করে পাকিস্তানে কড়াকড়ি শরিয়া আইন চালু করতে চায়। তারা আফগান তালেবানের অংশ না হলেও, তাদের প্রতি আনুগত্য প্রকাশ করেছে বহুবার।
এই অভিযানকে স্বাগত জানিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজ বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর এবং অবিচল।” তবে এই অভিযানে সদস্য হারানোর বিষয়ে টিটিপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানে টিটিপির তৎপরতা বাড়ায় এই সফল অভিযান দেশটির নিরাপত্তা বাহিনীর জন্য বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
