গাজা যুদ্ধ থামাতে নতুন শান্তি প্রস্তাব: হামাসের পক্ষ থেকে অভূতপূর্ব নমনীয়তা
গাজায় চলমান যুদ্ধ থামাতে কাতার ও মিসরের মধ্যস্থতায় নতুন একটি শান্তি পরিকল্পনা উত্থাপন করা হয়েছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিনের এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানান। প্রস্তাবিত চুক্তিতে ৫ থেকে ৭ বছর পর্যন্ত দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির কথা বলা হয়েছে।
এই পরিকল্পনায় রয়েছে—ইসরাইলি সব জিম্মির মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, গাজা থেকে ইসরাইলের পূর্ণ সেনা প্রত্যাহার এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি। আলোচনায় অংশ নিতে হামাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল কায়রো পৌঁছেছে।
গত মাসে যুদ্ধবিরতির আগের চুক্তি ভেঙে পড়ে। ইসরাইল আবারও গাজায় হামলা শুরু করলে পরিস্থিতি জটিল হয়। এরপর থেকে উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করে আসছে।
নতুন আলোচনায় হামাসের পক্ষে রয়েছেন রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মদ দারবিশ ও মুখ্য আলোচক খালিল আল-হাইয়া। প্রস্তাবে হামাস প্রথমবারের মতো গাজা শাসন দায়িত্ব অন্য কোনো স্বীকৃত ফিলিস্তিনি সংস্থার হাতে দেওয়ার ইঙ্গিত দিয়েছে।
তবে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে এবং সব জিম্মি ফিরিয়ে আনা না হলে কোনো সমঝোতা হবে না। তিনি গাজার ভবিষ্যৎ শাসনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (PA) কোনো ভূমিকা রাখতেও রাজি নন।
এদিকে গাজা সীমান্তবর্তী এল-আরিশ শহরে সরিয়ে নেওয়া হয়েছে কায়রোস্থ ফিলিস্তিনি দূতাবাসের কর্মীদের। তারা এতদিন চিকিৎসা সহায়তা ও মানবিক ত্রাণ তদারক করছিলেন।
চলমান আলোচনাকে মধ্যস্থতাকারীরা ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হিসেবে দেখছেন।
