যুদ্ধ কাভার করা অবস্থায় নিহত ফটোসাংবাদিক ফাতিমা হাসুউনা, কান উৎসবে প্রামাণ্যচিত্র
ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন গাজা যুদ্ধ কাভার করা ফিলিস্তিনি ফটোসাংবাদিক ফাতিমা হাসুউনা। তার পরিবারের আরও সাত সদস্যও একই হামলায় প্রাণ হারিয়েছেন।
জীবিত থাকতেই নিজের মৃত্যু যেন কেবল একটি সংখ্যা না হয়—এই প্রত্যাশা ব্যক্ত করেছিলেন ফাতিমা। ২০২৪ সালে ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, “আমি চাই না আমার মৃত্যু শুধু তাৎক্ষণিক সংবাদ হয়ে থাকুক। আমি চাই এমন মৃত্যু, যা গর্জে উঠবে, যা গোটা বিশ্ব জানবে।”
দীর্ঘ ১৮ মাস ধরে গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ কাভার করেছেন ফাতিমা। তার জীবন নিয়ে নির্মিত তথ্যচিত্র Put Your Soul on Your Hand and Walk আগামী মে মাসে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের কথা ছিল। মৃত্যুর ঠিক আগের দিনই পরিচালক সেপিদে ফারসিকে এই সুখবর দিয়েছিলেন তিনি।
ফাতিমার বাড়িতে চালানো হামলায় তার বাবা-মা মারাত্মকভাবে আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এই হামলাকে সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে ফিলিস্তিনি সাংবাদিক সুরক্ষা কেন্দ্র (পিজেপিসি)।
ফাতিমার ছবি যুদ্ধের ভয়াবহতা ও গাজার জীবনের বাস্তবতা তুলে ধরেছে। সামাজিক মাধ্যমে তার অনুসারীর সংখ্যা ছিল ৩৫ হাজারের বেশি।
পরিচালক ফারসি বলেছেন, “ফাতিমা ছিলেন আশাবাদী ও প্রাণবন্ত একজন মানুষ। তার ছবিই তার চেয়ে বেশি কথা বলবে।”
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ২১২ জন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে পিজেপিসি। তারা ঘটনাটির আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে।
ফাতিমার প্রতিবেশীরা জানিয়েছেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তার শেষ ফেসবুক পোস্টে ছিল গাজার উপকূলে মাছ ধরার ছবি এবং একটি কবিতা—যেখানে শহরের বন্দি জীবনের কথা ফুটে উঠেছিল।
ফাতিমা চেয়েছিলেন, তার মৃত্যু থেকে যেন কিছু অমর সৃষ্টি হয়। হয়তো তার তোলা ছবিগুলোই হয়ে থাকবে সেই অমর চিহ্ন।
