২৪ ঘণ্টার ভিতরে ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর হামলা
২৪ ঘণ্টার ভিতরে ইরাকে ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে জানা গিয়েছে। সোমবার ইরাকের নিরাপত্তা সোর্স ও মার্কিন কর্মকর্তাদের বরাতে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন,পশ্চিম ইরাকের আনবার প্রদেশে আইন-আল-আসাদ বিমান ঘাঁটির কাছে দুটি ড্রোনকে ভূপাতিত করেছে মার্কিন সেনারা। এছাড়া রবিবার উত্তরপূর্ব সিরিয়ার রুমালিনে একটি মার্কিন ঘাঁটিতে পাঁচটি রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ও সিরিয়ান কর্মকর্তারা।
তবে হামলা দুটিতে কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। মার্কিন বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন,রবিবারের হামলাটি মার্কিন সেনাদের ওপর টার্গেট করেই করা হয়েছিল।
এদিকে গত শনিবার ইরাকের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ইরানপন্থি যোদ্ধা গোষ্ঠীর এক সদস্য নিহত হয়েছিলেন। যদিও মার্কিন বাহিনী জানিয়েছিলো, এই ঘটনার সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই।
