কঙ্গোতে অগ্নিকাণ্ডের পর নৌকাডুবি, নিহত ৫০
ফাইল ফটো
কঙ্গোর উত্তরপশ্চিমাঞ্চলের এমবানদাকা শহরের কাছে যাত্রীবাহী একটি নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নৌকাটি ডুবে গেছে। এতে এখন পর্যন্ত ৫০ জন নিহত এবং আরও অন্তত ১০০ জন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার সময় নৌকাটিতে প্রায় ৪০০ যাত্রী ছিল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার রাতে কঙ্গো নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ হিসেবে বলা হয়েছে, নৌকায় রান্নার সময় আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, আর অধিকাংশ যাত্রী নদীতে ঝাঁপিয়ে পড়েন। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ছিল উল্লেখযোগ্য, যাদের অনেকেই সাঁতার জানতেন না।
নদী কমিশনার কমপিটেন্ট লোয়োকো জানান, নৌকাটি মোটরচালিত কাঠের তৈরি ছিল এবং অতিরিক্ত যাত্রী বহন করছিল। আগুন লাগার পর নৌকাটি দ্রুত ডুবে যায়। উদ্ধার অভিযান চালাচ্ছে রেড ক্রস ও স্থানীয় প্রশাসন। এ পর্যন্ত ১০০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের এমবানদাকা টাউন হলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আল জাজিরার তথ্য মতে, কঙ্গোতে এমন নৌ দুর্ঘটনা নতুন নয়। সড়কপথের সীমাবদ্ধতায় স্থানীয়রা প্রায়শই কাঠের নৌকা ব্যবহার করেন, তাও অতিরিক্ত যাত্রী ও মালামাল নিয়ে। এতে করে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায়।
গত বছরও কঙ্গোতে দুটি বড় নৌ দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। নিরাপত্তা ব্যবস্থার অভাব ও প্রশিক্ষণহীন উদ্ধারকর্মীদের কারণে প্রাণহানির সংখ্যা বাড়ছে বলে মত বিশ্লেষকদের ।
