ইরানের নামে পাকিস্তানে নতুন হাইওয়ে
ইরানের নামে একটি হাইওয়ের নামকরণ করেছে পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় সরকারই প্রতিবেশী দেশের নামে ওই হাইওয়ের নাম রাখার সিদ্ধান্ত নিয়েছে। মূলত ইরানের সঙ্গে পাকিস্তানের ‘ভ্রাতৃত্বপূর্ণ’ সম্পর্কের প্রমাণ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার।
পাকিস্তানি গণমাধ্যম দ্য ন্যাশন জানিয়েছে, রাজধানী ইসলামাবাদের ১১তম অ্যাভিনিউর নাম বদলে ইরান অ্যাভিনিউ করা হয়েছে। মন্ত্রী পরিষদের এক বৈঠকে ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পাকিস্তান সফরের আগেই এই খবর জানা গেলো।
এদিকে তিন দিনের সরকারি সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট। পাকিস্তানের রাজধানীর নূর খান বিমানঘাঁটিতে কঠোর নিরাপত্তার মধ্যে ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানান পাকিস্তানের গৃহায়ন ও পূর্তমন্ত্রী মিয়া রিয়াজ হোসেন পিরজাদা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই খবর জানিয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপরই দেশটিতে এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সফর। সফরে প্রেসিডেন্ট রাইসি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে দেখা করবেন। দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনাও হবে। প্রধানমন্ত্রী হাউসে পৌঁছালে সফররত বিশিষ্ট ব্যক্তিদের গার্ড অব অনার প্রদান করা হবে।
ইরানের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শাহবাজ আর্থ ডে উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাড়িতে একটি চারা রোপণ করবেন। এতে বলা হয়েছে, তারা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানেও যোগ দেবেন।
