গোপনে চুল বিক্রি করছেন আফগান নারীরা
"আমি যখন চুল বিক্রি করতে পারতাম, তখন কিছুটা আশা ছিল। এখন সব কিছুই নিষিদ্ধ।"—চোখে অশ্রু আর কণ্ঠে অসহায়তা নিয়ে কথাগুলো বলছিলেন ৩৩ বছরের বিধবা ওয়াহিদা। তালেবান শাসনে আফগানিস্তানে চুল বিক্রির মতো সাধারণ আয়ের পথও এখন ভয়ংকর রকম ঝুঁকিপূর্ণ।
২০২১ সালে তালেবান ফের ক্ষমতা দখলের আগে নারীরা তাঁদের ঝরে পড়া বা সেলুনের কাটা চুল বিক্রি করে কিছু অর্থ আয় করতেন। সেই চুল দিয়ে তৈরি হতো পরচুলা ও অন্যান্য ফ্যাশন সামগ্রী। কিন্তু এখন? তালেবান সরকার চুল বিক্রিকে “মানবদেহের অঙ্গ বিক্রি” বলে নিষিদ্ধ করেছে।
২৮ বছর বয়সী ফাতিমা এখন চুল বিক্রি করেন গোপনে। "নামাজের সময় তালেবানরা যখন মসজিদে যায়, তখন চুল লুকিয়ে রাখি," বলছিলেন তিনি। মাসে মাত্র ১০০ ডলারের বেতনে থাকা এই নারী জানান, ১০০ গ্রাম চুল বিক্রি করে মাত্র ৩ ডলার পান—কিন্তু এটুকুই তাঁর জন্য অনেক।
কাবুলে গোপনে চালু থাকা কিছু বিউটি পার্লারেও চলছে চুল সংগ্রহের কাজ। হেয়ারড্রেসার নার্গিস বলেন, “সবচেয়ে সাহসী কিছু নারীই এখন রূপচর্চার জন্য আসেন, অনেকে চুল সঙ্গে করে বাড়ি নিয়ে যেতে চান।” অথচ ২০২১ সালের আগে প্রতিদিন ৫–৬ জন ক্লায়েন্ট পেতেন তিনি।
তালেবান সরকারের "পাপ ও পুণ্য আইন"-এর অধীনে চুলসহ দেহের যে কোনো অঙ্গ বিক্রি নিষিদ্ধ। এ কারণে গত বছর শুধু কাবুলেই প্রায় ১ টন মানুষের চুল পুড়িয়ে দেওয়া হয়। ইসলামি মূল্যবোধ ও মানব মর্যাদা রক্ষার নামে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুণ্য প্রচার ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয়।
তবুও নারীরা হাল ছাড়েননি। কারণ, জাতিসংঘের হিসাব অনুযায়ী, আফগানিস্তানের ৮৫ শতাংশ মানুষ প্রতিদিন ১ ডলারেরও কম আয় করে। কাজেই ফাতিমা, ওয়াহিদা বা নার্গিসদের কাছে ঝরে পড়া চুলই যেন শেষ আশার আলো।
ওয়াহিদা বলেন, "আমি জানি কোথায় চুল বিক্রি হয়। কিন্তু ধরা পড়ার ভয়ে যেতে পারি না।" আর তাই এখনো আশায় বুক বাঁধেন, কোনো একদিন আবার চুল বিক্রির সেই দরজাটা খুলে যাবে।
