গাজায় গণকবরে রেড ক্রিসেন্টের ৮ কর্মীসহ ১৫ মরদেহ উদ্ধার
দক্ষিণ গাজার রাফাহ শহরের ধ্বংসস্তূপ থেকে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) ৮ কর্মীসহ ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এক সপ্তাহ আগে ইসরাইলি হামলায় নিহত হন তারা। রোববার (৩১ মার্চ) এই তথ্য জানিয়েছে পিআরসিএস।
এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ডা. টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস। এক্স (সাবেক টুইটার) পোস্টে তিনি লিখেছেন, “গাজার এই নৃশংস ঘটনায় আমরা শোকাহত। স্বাস্থ্য ও মানবিক কর্মীদের ওপর হামলা বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তাদের সর্বদা সুরক্ষিত রাখতে হবে।”
রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৮ জন সংস্থাটির নিজস্ব কর্মী, ৬ জন বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং একজন জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থার কর্মী ছিলেন। এছাড়া, একজন উদ্ধারকর্মী এখনো নিখোঁজ রয়েছেন।
সংস্থাটি জানায়, নিহতরা আহতদের সহায়তা দিতে যাওয়ার সময় ইসরাইলি বাহিনীর হামলার শিকার হন। ঘটনাটি ঘটে রাফাহর হাশাশিন এলাকায়, যেখানে ইসরাইল গোলাবর্ষণ চালাচ্ছিল। মরদেহগুলো বালির নিচে চাপা পড়ায় উদ্ধার কাজ কঠিন হয়ে পড়ে।
এদিকে, যুক্তরাষ্ট্র এই হত্যাকাণ্ডের জন্য হামাসকে দায়ী করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস দাবি করেন, "গাজায় যা ঘটছে, তার জন্য হামাসই দায়ী। এই সহিংসতা থামানো সম্ভব, যদি হামাস জিম্মিদের ছেড়ে দেয় এবং অস্ত্র সমর্পণ করে।”
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় ১,৪০২ জন স্বাস্থ্যকর্মী এবং ১১১ জন জরুরি উদ্ধারকর্মী নিহত হয়েছেন।
