হিজাব পরায় লন্ডনের রাস্তায় মুসলিম নারীদের হেনস্তা
ধর্মীয় পরিচয়ের কারণে ব্রিটেনের রাজধানী লন্ডনে হেনস্থার স্বীকার হয়েছেন এক দল মুসলিম নারী। এরই মধ্যে ওই ঘটনার একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, একজন ককেশিয়ান পুরুষ ওই মুসলিম নারীদের উদ্দেশ্য করে একের পর এক গালাগাল দিয়ে যাচ্ছেন। ওই ব্যক্তিকে ‘জঘন্য বর্ণবাদী’ বলে আখ্যায়িত করেছে ব্রিটিশ গণমাধ্যমগুলো।
ডেইলি মেইল জানিয়েছে, লন্ডনের পূর্বাঞ্চলীয় একটি রাস্তায় হিজাব পরে হাঁটছিলেন ওই মুসলিম নারীরা। এসময় ওই অভিযুক্ত ব্যক্তি তাদের উদ্দেশ্য করে অবর্ণনীয় ভাষায় গালাগাল শুরু করেন। তাদেরকে ব্রিটেন ছেড়ে চলে যেতে বলেন তিনি। তিনি বলেন, মুসলিমদের এখনই ব্রিটেন থেকে বের হয়ে যাওয়া উচিত।
এসময় ওই দলের এক সদস্য তাকে থামতে বলেন। কিন্তু এতে ওই ব্যক্তি না থেমে উলটো আরও ভয়াবহ ভাষায় আক্রমণ করতে শুরু করেন। মোবাইল ফোন থেকে করা এক ভিডিওতে দেখা গেছে, তিনি একের পর এক ইসলামবিদ্বেষী মন্তব্য করছিলেন। বিশ্বের সকল মুসলিমদের তিনি নির্বোধ বলে আক্রমণ করেন।
এদিকে রেডব্রিজ কমিউনিটি অ্যাকশন গ্রুপ ওই অভিযুক্তকে খুঁজে বের করতে সোশ্যাল মিডিয়ায় আবেদন জানিয়েছে। তবে এখনও কেউ তাকে চিহ্নিত করতে পারেনি।
