জাপানে নৌবাহিনীর দুই হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১, নিখোঁজ ৭
প্রশিক্ষণের সময় জাপানিজ নৌবাহিনীর দুটি হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত এক জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আরো ৭ জন আরোহী এখনো নিখোঁজ রয়েছেন।
রয়টার্স জানিয়েছেন, শনিবার রাতে জাপানিজ নৌবাহিনীর দুটি এসএইচ-৬০ হেলিকপ্টার সাবমেরিন বিধ্বংসী প্রশিক্ষণ চালাচ্ছিলো। জাপানের দক্ষিণ উপকূল থেকে বিচ্ছিন্ন ইজু দ্বীপপুঞ্জের তোরিশিমা এলাকায় প্রশিক্ষণ নিচ্ছিলেন তারা। এসময় দুই হেলিকপ্টারে মোট আট জন আরোহী ছিলেন।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী মিনোরু কিহারা এক সংবাদ সম্মেলনে জানান হেলিকপ্টার ধ্বংস হওয়ার ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ফ্লাইট রেকর্ড পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে খুব কাছাকাছি ওড়ার সময় হেলিকপ্টার দুটি মুখোমুখি সংঘর্ষের কবলে পড়েছিলো।
জাপানি কোস্ট গার্ড জানিয়েছে, নিখোঁজদের সন্ধান চালাতে অভিযান চালানো হচ্ছে। এর আগে জাপানি মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স জানিয়েছিলো এই ঘটনার সাথে অন্য কোন দেশের সম্পৃক্ততা নেই।
জাপানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রালম ইমানুয়েল টুইটারে এক পোস্টে জানিয়েছেন, জাপান চাইলে যুক্তরাষ্ট্র এই সন্ধান অভিযানে সহায়তা করবে।
