মার্কিন পার্লামেন্টে ইউক্রেন ও ইসরাইলের জন্য ৯৫ বিলিয়ন ডলারের বিশাল বিল পাস
ইউক্রেন, ইসরাইল ও তাইওয়ানকে ৯৫ বিলিয়ন মার্কিন ডলার সামরিক ও আর্থিক সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। শনিবার পার্লামেন্টের নিম্নকক্ষে এই বিল পাস হয়েছে।
রয়টার্স জানিয়েছে, পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়েছে। এখন বিলটি মার্কিন সিনেটে তোলা হবে। এই বিলটিতে ডেমোক্রেট ভোটের সংখ্যাগরিষ্ঠতা ছিল। রিপাবলিকান শিবির বরাবরই এই সহায়তা দেওয়ার বিপক্ষে অবস্থান করেছে। বিলটিতে ইউক্রেনের জন্য ৬০.৮৪ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। সেই সাথে আরো ২৩ বিলিয়ন ডলার অন্যান্য বিভিন্ন খাতে ব্যয়ের জন্য দেওয়া হয়েছে তাদের। বিলে ইসরাইলের জন্য ২৬ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও বিলের আওতায় তাইওয়ান ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে ৮.১২ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার কথা রয়েছে।
পার্লামেন্টে বিলের বিষয়ে মোট ৪২৩ ভোট পড়েছে। এর ভিতরে বিলের পক্ষে ৩১১ টি ও বিপক্ষে ১১২ টি ভোট পড়েছে। আগামী সপ্তাহে বিলটি মার্কিন সিনেটে পাস হলে এই সহায়তার পূর্ণাঙ্গ অনুমোদন দিতে পারবে বাইডেন প্রশাসন। সিনেটে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় বিলটি পাস করতে বেশি বেগ পেতে হবেনা তাদের।
এদিকে এই বিল পাসের বিষয়ে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স এ পোস্ট করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি লিখেছেন, ‘আজ হাউসে পাস করা মার্কিন সহায়তা বিল যুদ্ধকে ছড়িয়ে পড়ার হাত থেকে রক্ষা করবে, হাজার হাজার মানুষের জীবন বাঁচাবে এবং আমাদের উভয় দেশকে শক্তিশালী হতে সাহায্য করবে।’
