ফিলিস্তিনের পশ্চিম তীরে হামলায় নিহত ১৪
ফিলিস্তিনের পশ্চিম তীরে আবারো হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
রয়টার্স জানায়, শনিবার ফিলিস্তিনের পশ্চিম তীরে হামলা চালিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার পশ্চিম তীরের নুর শামস এলাকা থেকে হামলা শুরু করে তারা। শনিবার খবর পাওয়া পর্যন্ত স্থানীয় ফিলিস্তিনি সেনাদের সাথে সংঘাতে জড়িয়ে পড়ে ইসরাইলি সেনারা। এর আগে জানা গিয়েছিলো এ সংঘাতে দুইজন নিহত হয়েছেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শনিবারের হামলায় নিহত হয়েছেন ১৪ জন। ইসরাইলি সামরিক বাহিনীর তথ্যমতে এই সংঘাতে চারজন ইসরাইলি সেনা আহত হয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহত এক ব্যক্তিকে উদ্ধার করতে যাচ্ছিলেন ৫০ বছর বয়সী এক অ্যাম্বুলেন্স ড্রাইভার। পথিমধ্যে আল সাওইয়া গ্রামের কাছে তাকে হত্যা করে ইসরাইলি সেনারা।
শুক্রবার থেকেই পশ্চিম তীরে ইসরাইলি সাঁজোয়া যান ও সৈন্য প্রবেশ করতে শুরু করে। এসময় আকাশে অন্তত তিনটি ড্রোনও উড়তে দেখা যায়। এদিকে গাজা উপত্যকার রাফা এলাকায় আকাশপথে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।
