গাজায় হামলায় এক রাতে ৪১৩ ফিলিস্তিনি নিহত
ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় গাজার এক রাতেই প্রাণ হারিয়েছেন অন্তত ৪১৩ ফিলিস্তিনি। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সোমবার (১৮ মার্চ) স্থানীয় সময় রাত ২টার দিকে আকস্মিকভাবে ইসরাইল বোমা হামলা শুরু করে। কয়েক ঘণ্টার এ হামলায় মুহূর্তের মধ্যে শত শত মানুষের মৃত্যু হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহত হয়েছেন অন্তত ৬৬০ জন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে রয়েছেন। এদের অনেকের ভাগ্যে কী ঘটেছে, তা এখনও জানা যায়নি।
গাজার হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। আহতদের রক্তের প্রয়োজন থাকলেও সরবরাহ কমে গেছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জনসাধারণকে রক্তদানের আহ্বান জানিয়েছে। এছাড়া ব্যান্ডেজ ও ব্যথানাশক ওষুধেরও সংকট দেখা দিয়েছে।
গত ১৭ দিন ধরে গাজায় সব ধরনের ত্রাণ ও সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইল। ফলে আহত ও ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি চিকিৎসা সরবরাহ করাও সম্ভব হচ্ছে না।
গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরাইল হামলা জোরদার করছে।
বিশ্বজুড়ে ফিলিস্তিনের এই মানবিক বিপর্যয় নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ চলছে। তবে এখন পর্যন্ত ইসরাইলের আগ্রাসন থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
