রাফায় ইসরাইলি হামলায় নিহত ১০
অবরুদ্ধ গাজার রাফা এলাকায় গত রাতে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। সকাল পর্যন্ত পাওয়া তথ্য মতে এই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।
গাজায় অবস্থানরত সাংবাদিক হানি মাহমুদের বরাতে আল জাজিরা জানায়, গত রাত থেকে রাফা এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। অধিকাংশ হামলা আকাশ থেকে করা হচ্ছে। গাজার অন্যান্য এলাকা থেকে বাসস্থান হারিয়ে রাফায় আশ্রয় নিয়েছেন প্রায় ১৪ লক্ষ ফিলিস্তিনি। রাফার আস সালাম ও আস-সুলতান এলাকায় সর্বোচ্চ হামলা চালিয়েছে ইসরাইল। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই এলাকায় শরনার্থীরা আশ্রয় নিতে শুরু করে।
গত রাতের তাল-আস-সুলতান এলকায় একটি অ্যাপআর্টমেন্ট বিল্ডিংকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। এতে ওই অ্যাপার্টমেনেটের নয় জন নিহত হয়েছেন। রাফার পূর্ব এলাকায় করা হামলায় একজন নারী নিহত ও দুই শিশু সহ আরো অনেকে গুরুতর আহত হয়েছেন।
কয়েকদিন আগেই রাফায় হামলার দিনক্ষণ ঠিক করেছিলো নেতানিয়াহু সরকার। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের নিষেধ থাকা সত্ত্বেও রাফায় হামলা চালানো হচ্ছে। রাফা সীমান্তেও পূর্বের তুলনায় বেশি সাঁজোয়া যান ও ট্যাংক মোতয়েন করেছে ইসরাইল।
