প্যারিসে ইরানি দূতাবাসে হামলার হুমকি
ফ্রান্সে অবস্থিত ইরানি দূতাবাসে হামলার হুমকি দিয়েছে এক ব্যাক্তি। পরবর্তীতে নিরাপত্তা সতর্কতায় দূতাবাস বন্ধ রাখা হয়। হুমকিদাতা ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের বরাতে রয়টার্স জানায়, শুক্রবার সকাল ১১ টা নাগাদ এক ব্যক্তি ইরানি দূতাবাসে প্রবেশ করার চেষ্টা করে। এসময় তার সঙ্গে গ্রেনেড বা বোমাসদৃশ বস্তু ছিলো। সাথে থাকা বোমা দিয়ে সে ইরানি দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ঘটনা জানতে পেরে আশেপাশের এলাকা ঘিরে ফেলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। দূতাবাস বন্ধ রেখে ওই এলাকায় সাময়িকভাবে চলাচল নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে হুমকিদাতা ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তল্লাশির সময় তার সাথে বোমা কিংবা বোমাসদৃশ্য কিছু পাওয়া যায়নি।
পুলিশ আরো জানায়, বিএফএম নামের একটি টিভি চ্যানেল বলেছে, হুমকিদাতা ব্যক্তির সাথে নকল গ্রেনেড ছিলো। এছাড়া এই ব্যক্তি গত সেপ্টেম্বরে ইরানি কনস্যুলেটের পাশে অগ্নিসংযোগের চেষ্টা করেছিলো। কয়েক প্রত্যক্ষদর্শীর বরাতে ফরাসি সংবাদপত্র ল্যা পারিজিয়ান জানায়, হুমকিদাতা ব্যক্তি ইরানের পতাকা মাটিতে ফেলে দেয়, এবং জানায় সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়।
গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলা চালায় ইসরাইল। এ ঘটনায় দুইজন জেনারেল সহ সাতজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা নিহত হন। এরপর থেকেই ইরান ও ইসরাইলের ভিতরে উত্তেজনা বেড়েছে।
