ইরানে হামলার কথা আগে থেকেই জানতো যুক্তরাষ্ট্র
শুক্রবার সকালে ইরানে ইসরাইল যে হামলা চালিয়েছে সে বিষয়ে আগে থেকেই জানতো যুক্তরাষ্ট্র। গত ১৩ এপ্রিল ইরানের হামলার জবাবে এই হামলা চালিয়েছে ইসরাইল। তবে হামলায় কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে ইরান।
যুক্তরাষ্ট্রের কর্মকতাদের বরাতে এনবিসি ও সিএনএন জানিয়েছে, শুক্রবার রাতে ইসরাইলের ওই হামলার খবর মার্কিন প্রশাসন আগে থেকেই জানতো। তবে তারা এ বিষয়ে কোন মন্তব্য করেনি। সিএনএনকে এক সিনিয়র মার্কিন কর্মকর্তা জানান, বৃহষ্পতিবারে ইরানে হামলা করবে বলে জানিয়েছিলো ইসরাইল। তবে আমরা সেই ঘোষণা জনসম্মুখে প্রচার করিনি।
এদিকে ইরান জানিয়েছে, শুক্রবার রাতে দেশটির আকাশসীমায় তিনটি ড্রোন প্রবেশ করে। এসময় ইরারি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু হয়ে ড্রোন তিনটিকে ধ্বংস করে। বেশ কিছু গণমাধ্যমের দাবি, একই সাথে মিসাইল হামলাও চালিয়েছে ইসরাইল। তবে এ বিষয়ে ইরান বা ইসরাইল কোন দেশই মুখ খোলেনি।
এর আগে গত শনিবার ইসরাইলে ড্রোন ও মিসাইল হামলা চালায় ইরান। সেই সাথে প্রতিশোধমূলক হামলা চালালে আরো বড় হামলা করার সতর্কতাও জানায় ইরান। অবশ্য প্রতিশোধমূলক হামলা থেকে বিরত থাকতে ইসরাইলকে আহ্বান করেছিলো যুক্তরাষ্ট্র।
