পানির নিচে মরুভূমির শহর দুবাই
৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে পানিতে ডুবে গেছে গোটা দুবাই। এতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। দুবাই ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের বাকি অংশেও ভারি বর্ষণ ও বন্যা দেখা দিয়েছে।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, বন্যায় অন্তত এক জন মারা গেছেন। ৭০ বছর বয়স্ক ওই ব্যক্তি রাস আল-খাইমাহ অঞ্চলে তার গাড়িতে অবস্থান করছিলেন। কিন্তু প্রচণ্ড বন্যায় তিনি ভেসে যান। গত সোমবার রাতে বৃষ্টি শুরু হয় আরব আমিরাতে। মঙ্গলবার বিকেলের মধ্যেই ১৪২ মিলিমিটার রেকর্ড বৃষ্টিপাত করা হয়। এতে পানিতে ডুবে গেছে মরুভূমির মধ্যে থাকা দুবাই। সাধারণত পুরো বছরেও এই পরিমাণ বৃষ্টি হয় না দেশটিতে।
আরব আমিরাতে বছরে গড় বৃষ্টিপাত হয় ৯৫ মিলিমিটার। এতে বিশ্বের সব থেকে ব্যস্ত বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম তেমন একটা ব্যাহত হয় না। কিন্তু এ বছর বিমানবন্দরটি রীতিমতো পানির নিচে ডুবে গেছে। আরব আমিরাতে সাধারণত বৃষ্টি হয় না। হলেও তা হয় মূলত শীতকালে।
