মধ্যপ্রাচ্যে উত্তেজনার জন্য নেতানিয়াহু একাই দায়ী: এরদোয়ান
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং ইসরাইলি নেতারাই মধ্যপ্রাচ্যের অশান্তির জন্য দায়ী বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী রেজেপ তাইয়িপ এরদোয়ান। মঙ্গলবার রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার মন্ত্রীসভার এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে করেন এরদোয়ান। তিনি বলেন, ইসরাইল আঞ্চলিক সংঘাত তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলা করে তারা উত্তেজনা চরমে পৌঁছে দিয়েছে।গাজায় যুদ্ধাবস্থা তৈরি করে তারা নিষ্ঠুরতা এবং গণহত্যা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা তৈরির পিছনে সম্পূর্ণ দায় নেতানিয়াহু ও ইসরাইলি নেতাদের।
গাজা ইস্যুতে সবাইকে যুক্তিগত ও মানবিক দৃষ্টিকোণ থেকে আচরণ করতেও বলেছেন তিনি। এছাড়া ইসরাইলে ইরানের হামলার পর পশ্চিমাদের নিন্দা জানানো নিয়েও মন্তব্য করেছেন এরদোয়ান। তিনি বলেন, ইরানের দূতাবাসে ইসরাইল যখন হামলা চালিয়েছে, তখন পশ্চিমাদের মুখ বন্ধ ছিল। কিন্তু এখন নিন্দার ঝড় বইয়ে দিচ্ছেন পশ্চিমা নেতারা।
গত ১ এপ্রিল সিরিয়ায় অবস্থিত ইরানি দূতাবাসে হামলা চালায় ইসরাইল। এ ঘটনায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর এর দুজন জেনারেলসহ সাতজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা নিহত হন। জবাবে গত শনিবার রাতে ইসরাইলে কয়েকশ কামাকাজি ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালায় ইরান। ইসরাইল ঘোষণা দিয়েছে তারা এই হামলার প্রতিশোধ নিবে। অপর দিকে ইরান জানিয়েছে প্রতিশোধমূলক হামলা চালাতে আসলে আরো বড় হামলা করবে ইরান।
