পাকিস্তান-আফগানিস্তানে ভারী বর্ষণে শতাধিক মানুষের মৃত্যু
বজ্রপাত ও ভারী বর্ষণে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানে। মঙ্গলবার পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে ঝড়ের কারণে অন্তত ৫০ জন মারা গেছেন। গোটা দেশ জুড়েই চলছে ঝড়। একই দিনে আফগানিস্তানেও ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আল-জাজিরা জানিয়েছে, পাকিস্তানে সব থেকে বেশি প্রাণহানি হয়েছে দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। মৌসুমি বৃষ্টি ও হড়কাবানের (ফ্ল্যাশ ফ্লাড) কারণে ভূমিধস হয়েছে। ধ্বংস হয়ে গেছে শত শত বাড়ি ও গাছ। এছাড়া পাঞ্জাব প্রদেশেও বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে অন্তত ২১ জন মারা গেছেন বলে জানিয়েছে স্থানীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ।
আশঙ্কা করা হচ্ছে, এ সপ্তাহে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। অবস্থা গুরুতর না হলেও রাজধানী ইসলামাবাদেও ভারী বর্ষণ হয়েছে। আরেক প্রদেশ বালুচিস্তানে মারা গেছেন সাত জন। উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ার ও কোয়েটাতে রাস্তাঘাট পানির নিচে ডুবে গেছে।
