১০ শতাংশ কর্মী ছাঁটাই করছে টেসলা
নিজের ১০ শতাংশেরও বেশি কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে টেসলা। মার্কিন ধনকুবের ইলন মাস্ক টেসলার সিইও। তিনিই কর্মীদের কাছে পাঠানোই-মেইল বার্তায় এই ছাঁটাই-এর কথা জানান। ওই বার্তাটি পড়ে দেখেছে রয়টার্স।
বার্তা সংস্থাটি জানিয়েছে, ওই ই-মেইল পাওয়া কর্মীদের জানানো হয়েছে যে তাদের ছাঁটাই তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। ইলেক্ট্রিক ভেহিকল ব্লগ ইলেক্ট্রেক প্রথমে এই ছাঁটাই-এর খবর দেয়। তবে টেসলা কোন টিমগুলো বেশি প্রভাবিত হবে তা এখনও বুঝা যাচ্ছে না।
বিশ্বজুড়ে টেসলার এক লাখ ৪০ হাজার কর্মী আছে। এর ১০ শতাংশ কর্মী ছাঁটাই-এর অর্থ হচ্ছে- চাকরি যাচ্ছে অন্তত ১৪ হাজার কর্মীর। ইলন মাস্কের পাঠানো ইমেইলে বলা হয়, যেহেতু টেসলা নতুন ধাপে প্রবেশের জন্য প্রস্তুত হচ্ছে, সেহেতু কোম্পানির ব্যয় কমিয়ে আনা এবং উৎপাদন বৃদ্ধির জন্য সবগুলো দিকে নজর দেয়া জরুরি হয়ে পড়েছে।
