অস্ট্রেলিয়ায় গির্জায় বিশপকে ছুরিকাঘাত
সিডনিতে এক ছুরি হামলায় সাত জন নিহতের ঘটনার পরপরই আরেকটি একই ধরনের ঘটনা ঘটেছে। এবার যদিও প্রার্থনা চলাকালে একটি গির্জার বিশপকে টার্গেট করা হয়। সোমবার এক হামলাকারী সরাসরি বিশপকে বারবার ছুরি দিয়ে আঘাত করতে থাকেন। তাকে বাঁচাতে গিয়ে আহত হন আরও কয়েকজন। আশ্চর্যজনকভাবে ওই হামলায় গুরুতর আহত হলেও বেঁচে গেছেন বিশপ।
বিবিসি জানিয়েছে, সোমবার সন্ধ্যায় সিডনির ওয়াকলি এলাকার ‘ক্রাইস্ট দ্য গুড শেফার্ড চার্চ’ গির্জায় এ হামলা হয়। তখন প্রার্থনাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। স্থানীয় পুলিশ জানায়, গির্জায় বিশপ মার মারি ইমানুয়েল প্রার্থনা পরিচালনা করছিলেন। তার সঙ্গে স্বাভাবিক সময়ের মতো ধার্মিকেরা প্রার্থনায় অংশ নেন। তিনি যখন তার বক্তব্য শেষ করছিলেন তখনই এক ব্যক্তি বিশপের সামনে চলে যান। তিনি হঠাৎ ছুরি বের করে বিশপকে আঘাত করেন। এ সময় অন্যান্য প্রার্থনাকারীরা হামলাকারীকে ঠেকানোর চেষ্টা করেন। এতে তাদেরও ছুরিকাঘাত করেন হামলাকারী।
এ-সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন স্থানীয়রা। এতে হামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পুলিশ জানায়, সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করেনি তারা। এ ব্যাপারে তদন্ত করে পেছনের কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে দেশটির আইনশৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন সংস্থা।
