প্রতিশোধ নিতে আসলে ইসরাইলে আরও বড় হামলা হবে: ইরান
শনিবার রাতে ইসরাইলে ড্রোন ও মিসাইল হামলা চালায় ইরান। আয়রন ডোমের বদৌলতে বড় আঘাত থেকে বেঁচে যায় ইসরাইল। তবে এই হামলার পাল্টা জবাব দিতে চাইলে আরও বড় হামলা করবে ইরান।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানের করা হামলার পরে ইসরাইল মন্তব্য করেছে, ‘সংঘাত এখনো শেষ হয়নি’। ইসরাইলের এমন বক্তব্যের পরে ইরানের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেন, আজ রাতের সামরিক অভিযানের জবাবে ইসরাইল যদি ইরানের বিরুদ্ধে হামলা করে, তাহলে আরও বড় পরিসরে আমরা হামলা চালাবো। সেই সাথে হামলায় ওয়াশিংটন বা ইসরাইলের মিত্র দেশগুলো সাহায্য করলে তাদের বিরুদ্ধেও হামলা করা হবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন তিনি সাতটি প্রধান অর্থনৈতিক শক্তিশালী দেশের সাথে আলোচনা করবেন। ইরানের আক্রমণের বিষয়ে সম্ভাব্য কূটনৈতিক সিদ্ধান্তের বিষয়ে তাদের সাথে কথা বলবেন তিনি।
গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরান দূতাবাসে হামলা চালায় ইসরাইল। এতে ইরানের উচ্চপদস্থ ১১ জন কর্মকর্তা নিহত হন। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শনিবার রাতে ইসরাইলে করা হামলাকে প্রতিশোধ ও ইসরাইলের শাস্তি হিসেবে অভিহিত করেছে ইরান।
