ইসরাইলি হামলায় পা হারালেন তুর্কি সাংবাদিক
গাজায় ইসরাইলের হামলায় তিন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবারে চালানো এ হামলায় একজন সাংবাদিক পা হারান, গুরুতর আহত হন আরো দুইজন। তারা তুরস্কের গণমাধ্যম তুর্কি রেডিও ও টেলিভিশন কর্পোরেশনের সাংবাদিক (টিআরটি)।
পা হারানো ওই সাংবাদিকের নাম সামি সিহাদ্দেহ। টিআরটির বরাতে আলজাজিরা জানায়, নুসেইরাত ক্যাম্পে একটি সম্প্রচারের জন্য প্রস্তুত হচ্ছিলেন সামি ও তার দল। এসময় ইসরাইলি সেনারা তাদের টার্গেট করে বলে জানান সামি। হামলা চালালে সামি সহ তিনজন গুরুতর আহত হন।
টিআরটির ডিরেক্টর জেনারেল জাহিদ সোবাকি এই হামলাকে ইসরাইলি বাহিনীর বর্বরতা বলে আখ্যা দেন। তিনি বলেন, এই হামলা সকল নৈতিক, মানবিক মানদন্ড ও প্রচলিত আইনের পরিপন্থী। দেইর-এল-বালাহ শহরের আল-আকসা হাসপাতালের ফ্লোরে শুয়ে যন্ত্রণায় কাতর সামি এএফপির এক সাংবাদিকের সাথে কথা বলেন। তিনি বলেন, ওই এলাকা বিপদজনক ছিলো না। তাছাড়া আমার চারপাশে আরো সাধারণ মানুষ ও সাংবাদিকরা ছিলেন। আমরা খবরের জন্য ভিডিও শ্যুট করছিলাম। আমি প্রেস লেখা জ্যাকেট এবং হেলমেটও পরে ছিলাম। আমি জানিনা হামলাটি কি ট্যাংক থেকে হয়েছে নাকি এটি মিসাইল ছিলো। হামলার পরে টের পাই আমার পা শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে।
গাজায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এ পর্যন্ত প্রায় শতাধিক সংবাদকর্মী হতাহত হয়েছেন। এছাড়াও বিদেশী ত্রাণকর্মী, জরুরি সেবার কাজে নিয়োজিত মানুষের ওপরও হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।
