ইসরাইলের জন্য খুব খারাপ দিন আসছে: মার্কিন চিন্তাবিদ
ইসরাইলের জন্য খুব খারাপ দিন আসছে বলে মন্তব্য করেছেন মার্কিন চিন্তাবিদ ও প্রফেসর জন মার্শেইমার। এক সাক্ষাতকারে তিনি গত ১৩ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট বিভাগে ইসরাইলের আক্রমণকে আন্তর্জাতিক আইনের জন্য একটি বড় আঘাত হিসাবে বর্ণনা করেছেন। গ্লেন গ্রিনওয়াল্ড-এর সাথে একটি সাক্ষাতকারে তিনি বলেন, ইসরাইল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যখন আপনি গাজায় একটি মানবিক ত্রাণ বহরের উপর ইসরাইলের হামলার ঘটনা দেখতে পাচ্ছেন, তখন বুঝতে হবে যে ইসরাইল যা ইচ্ছা তাই করছে এবং তারা কোনো সীমাবদ্ধতা মানছে না।
তিনি আরো বলেন, আমরা দামেস্কে ইরানের কনস্যুলেটে বোমা হামলার কথা বলছি। আমি মনে করি এটি আন্তর্জাতিক ব্যবস্থা ও নিয়ম নীতির প্রতি বড় ধরণের ধাক্কা যে ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র নীরব রয়েছে। ইসরাইলিরা অবাধ্যের মতো আচরণ করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেকোনো মূল্যে তাদের রক্ষা করবে।
জন মার্শেইমার ইসরাইলি এই আচরণের প্রতি সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভাল হবে না এবং সামগ্রিকভাবে এটি অবশ্যই আন্তর্জাতিক রাজনীতির জন্যও মোটেই ভাল হবে না। আমি জানি না তাদের লক্ষ্য কী এবং তাদের চিন্তাভাবনাও বোঝা কঠিন। তবে বলা যেতে পারে তারা মরিয়া হয়ে উঠেছে ঠিক যেমনটি মৃত্যুর আগে কেউ হাত পা ছুঁড়তে থাকে। গাজার পরিস্থিতি ইসরাইলের জন্য সুখকর নয় এবং লেবাননের হিজবুল্লাহর পক্ষ থেকেও তারা কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। সব মিলিয়ে সামনের দিনগুলো ইসরাইলের জন্য ভালো কিছু বয়ে আনবে না এবং তাদের জন্য খুব খারাপ দিন আসছে।
অধ্যাপক জন মার্শেইমার আরও বলেন, ইসরাইল উত্তেজনা ছড়াচ্ছে কারণ তারা বর্তমানে আটকে পড়া যুদ্ধের এই চোরাবালি থেকে নিজেদের বের করে আনার চেষ্টা করছে। এমনও হতে পারে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের সাথে যুদ্ধ বাধাতে চায়, যা ইসরাইল সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলার মধ্যে একটি। আর এমনটি ঘটলে তা অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যও ভাল হবে না।
