সূর্যগ্রহণ দেখতে গিয়ে নারী চিকিৎসকের মৃত্যু
সূর্যগ্রহণ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রে এক নারী চিকিৎসকের মৃত্যু ঘটেছে। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে এই ঘটনা ঘটে। খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ।
নিউ ইয়র্ক পুলিশ জানায়, তিনি পরিবারের সাথে উত্তর এলাকায় সূর্যগ্রহণ দেখতে যাচ্ছিলেন। তার স্বামী একটি ডজ গাড়ি চালিয়ে তাদের নিয়ে যাচ্ছিলেন। ওই গাড়ির পিছনের ট্রেইলারে তিনি, তার মেয়ে ও মেয়ের বন্ধু অবস্থান করছিলেন। তীব্র বাতাসে ট্রেইলারটির দরজা উড়ে গেলে রাস্তায় ছিটকে পড়েন ওই নারী। মাথায় ও শরীরে আঘাত পেয়ে তিনি মৃত্যুবরণ করেন। নিহত ডক্টর মনিকা ওরোনিয়েসকা শিশু এলার্জি ও ইমিউনিটি বিশেষজ্ঞ ছিলেন। তিনি স্টোনি ব্রুক মেডিসিন নামক এক প্রতিষ্ঠানে ২০০০ সাল থেকে কাজ করতেন। মনিকা ভ্রমণ ও অ্যডভেঞ্চারপ্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
নিউ ইয়র্ক পুলিশের একজন ট্রুপার জ্যাক কেলার বলেন, তারা যে ট্রেইলারটিতে ভ্রমণ করছিলেন, সেটি রাস্তায় চলাচলের উপর্যুক্ত ছিলো না। তবে ঠিক কি কারণে ট্রেইলারের দরজা খুলে গিয়েছিলো তা আমরা এই মূহুর্তে সঠিক বলতে পারবো না। সে বিষয়ে তদন্ত চলছে।
উল্লেখ্য, সোমবার যুক্তরাষ্ট্রের এক বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছে। গ্রহণটি দেখার জন্য বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কয়েক লক্ষ মানুষ যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গাতে জড়ো হন।
