ইসরাইলিরা প্রথমে গুলি করে, তারপর যাচাই করে
ইসরাইলিরা গাজায় নির্বিচারে গুলি চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা। তিনি বারাক ওবামার সরকারের সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। সম্প্রতি সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটা মোটেও আশ্চর্যের বিষয় নয় যে গাজায় ত্রাণ কর্মীদের ওপর সাম্প্রতিক মারাত্মক বিমান হামলার পর ইসরাইলিরা তাদের ভুল স্বীকার করেছে। কারণ আমার অভিজ্ঞতায় তারা সাধারণত প্রথমে গুলি করে, তারপর যাচাই করে।
তিনি আরও বলেন, সাধারণত কোনো তথ্য পেলে হামলা চালানোর আগে তার বস্তুনিষ্ঠতা নিশ্চিত হবার জন্য সময় নিতে হবে। কিন্তু এটা ইসরাইলিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমার অভিজ্ঞতায়, তারা সাধারণত আগে গুলি করে, তারপর প্রশ্ন জিজ্ঞাসা করে।
মার্কিন এই সাবেক প্রতিরক্ষামন্ত্রী গাজার গ্লোবাল সেন্ট্রাল কিচেনের সাহায্য কর্মীদের ওপর ইসরাইলি বিমান হামলার কয়েকদিন পর মন্তব্য করলেন। ওই ভয়াবহ বিমান হামলায় অন্তত ৭ জন ত্রাণকর্মী প্রাণ হারায়।
