মক্কায় পাক প্রধানমন্ত্রীর সঙ্গে এমবিএসের বৈঠক
সৌদি আরব সফরে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তাকে মক্কার আল-সাফা রাজপ্রাসাদে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। রোববার ওই প্রাসাদে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
আরব নিউজ জানিয়েছে, ওই বৈঠকে বাহরাইনের ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল-খলিফাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকলে এমবিএসের ইফতারের দাওয়াতে অংশ নেন। ইফতার শেষে তারা নিজেদের মধ্যে নানা ইস্যুতে আলোচনা করেন।
বৈঠকে সৌদি ক্রাউন প্রিন্স ও পাক প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেন। কীভাবে সম্পর্ক আরও শক্তিশালী করা যায় তা নিয়েও বিস্তারিত কথা বলেন তারা। এছাড়া আঞ্চলিক বিভিন্ন ঘটনাপ্রবাহও স্থান পায় তাদের আলোচনায়। আলোচনার সময় শরীফ ইহরাম পরে ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি মক্কায় উমরাহ পালন করবেন।
